মূল লেখায় যান
ব্লগ

খাতা থেকে সফটওয়্যারে যাওয়ার আগে যে পাঁচটি বিষয় ঠিক করে নেওয়া দরকার

রাতে খোলা একটি দোকানের কাউন্টারে দোকানি

অনেক ব্যবসা সফটওয়্যার নেওয়ার পর দেখে যে কিছু কাজ সফটওয়্যারে হচ্ছে, আর কিছু কাজ আবার খাতায় ফিরে যাচ্ছে। এর প্রধান কারণ সাধারণত সফটওয়্যার নয়, বরং শুরুর আগে ব্যবসার কাজের নিয়মগুলো পরিষ্কার না থাকা। নিচের পাঁচটি বিষয় আগে ঠিক করে নিলে সফটওয়্যার চালু করা সহজ হয়।

১. কোন কাজগুলো সফটওয়্যারে আসবে, তার তালিকা

বিক্রি, কেনা, মজুদ, বাকি, খরচ, কর্মচারীর বেতন: ব্যবসার প্রতিদিনের কাজগুলোর একটি তালিকা করুন। প্রতিটি কাজের পাশে লিখুন এখন সেটি কোন খাতায় বা কাগজে হয় এবং কে করেন। এই তালিকা থেকেই বোঝা যায় কোন কাজ দিয়ে শুরু করা উচিত।

২. হিসাবের নিয়ম ও একক

পণ্যের দাম কীভাবে ঠিক হয়, পাইকারি ও খুচরা দাম আলাদা কি না, হিসাব কেজিতে না বস্তায়, ছাড় কে দিতে পারেন এবং কত পর্যন্ত: এসব নিয়ম লিখে রাখুন। সফটওয়্যার এই নিয়ম অনুযায়ীই সাজানো হয়।

৩. শুরুর হিসাব

যেদিন থেকে সফটওয়্যার চালু হবে, সেদিনের মজুদ, প্রত্যেক কাস্টমারের বাকি, সাপ্লায়ারের দেনা এবং ক্যাশ ও ব্যাংকের টাকা গুনে ও মিলিয়ে রাখুন। শুরুর হিসাব ভুল থাকলে পরের সব হিসাবেই সেই ভুল থেকে যায়।

৪. কে কোন কাজ করবেন এবং কী দেখতে পারবেন

কোন কর্মী বিক্রি লিখবেন, কে টাকা জমা নেবেন, কে মজুদ দেখবেন এবং কে শুধু রিপোর্ট দেখবেন, তা আগে ঠিক করুন। এতে প্রত্যেকের প্রশিক্ষণ তাঁর নিজের কাজের অংশে সীমিত থাকে এবং হিসাবের ওপর মালিকের নিয়ন্ত্রণ থাকে।

৫. ধাপে ধাপে শুরু করার পরিকল্পনা

সব কাজ একদিনে চালু না করে যে কাজে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, তা দিয়ে শুরু করুন। যেমন: প্রথম মাসে বিক্রি ও বাকি, পরের মাসে মজুদ ও কেনা। প্রথম কয়েক সপ্তাহ খাতা ও সফটওয়্যার পাশাপাশি রেখে মিলিয়ে দেখলে ভুল দ্রুত ধরা পড়ে।

আপনার ব্যবসার কাজ দেখতে এলে আমরা এই পাঁচটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং লিখিত প্রস্তাবে তা অন্তর্ভুক্ত করি। এর জন্য কোনো টাকা লাগে না।